অষ্টগ্রামে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে ইউএনও, পুষ্পাঞ্জলিতে অংশগ্রহণ

এটিভি অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের শ্রী শ্রী সার্বজনীন যুব সংঘ দুর্গা মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। এ সময় তিনি মহাষ্টমী উপলক্ষে পূজামণ্ডপে পুষ্পাঞ্জলিতে অংশ নেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি পূজামণ্ডপটি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত পূজারি ও আয়োজকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মজনু মিয়া, অষ্টগ্রাম উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুলেখা দাস, অষ্টগ্রাম উপজেলা সার্বজনীন যুব সংঘের সভাপতি প্রদীপ সরকার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক পল্লব কান্তি দেব রনি, স্থানীয় নেতৃবৃন্দসহ হিন্দু ধর্মাবলম্বী পূজারি ও ভক্তরা।

এদিকে, অষ্টগ্রাম উপজেলা সার্বজনীন যুব সংঘের উদ্যোগে সদর ইউনিয়নের বণিকপাড়া এলাকায় একটি সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণকাজ চলমান রয়েছে। মন্দিরটির নির্মাণকাজ সম্পন্ন করতে হিন্দু ধর্মাবলম্বীসহ সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন সংগঠনটির সভাপতি প্রদীপ সরকার।

তিনি বলেন, বণিকপাড়া এলাকায় সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণকাজ চলছে। মন্দিরটির নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। এ জন্য তিনি সংশ্লিষ্ট সবার প্রতি আর্থিক সহযোগিতার আহ্বান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, অষ্টগ্রামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসন কাজ করছে। ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রেখে সবাইকে দুর্গাপূজা উদযাপনের আহ্বান জানাই।

পাশাপাশি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকার অনুরোধ করছি।স্থানীয়দের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মধ্য দিয়ে অষ্টগ্রামে দুর্গাপূজা উদযাপিত হবে এবং সব ধর্মের মানুষের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *