এলপিজি ধর্মঘট প্রত্যাহার না করলে কঠোর ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

এটিভি অনলাইন ডেস্ক

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার না করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ করে জনভোগান্তি সৃষ্টি কিংবা দাম বাড়ানোর চেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) সচিবালয়ে এলপিজি ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন।বৈঠকে জ্বালানিমন্ত্রী বলেন, যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামেও স্থিতিশীলতা নেই। বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য উৎস থেকে জ্বালানি সংগ্রহেও অনিশ্চয়তা রয়েছে। এমন পরিস্থিতিতে ভোক্তাপর্যায়ে জ্বালানির দাম সহনীয় রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার কাজ করছে।

তিনি বলেন, এ অবস্থায় এলপিজির মতো প্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ রেখে মানুষকে ভোগান্তিতে ফেলার সুযোগ নেই। ধর্মঘটের মাধ্যমে পণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলে ১৯৫৬ সালের আইন প্রয়োগ করা হবে। কথায় কথায় ধর্মঘট ডেকে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

মন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনস্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তিতে না পড়ে, সে বিষয়ে সরকার সজাগ রয়েছে। তাই ধর্মঘটের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে এলপিজি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে চলতি মাসেই আবারও বৈঠক হবে। আলোচনার মাধ্যমে ব্যবসায়ীদের সমস্যার সমাধান এবং বাজারে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকার উদ্যোগী রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *