এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ড. আব্দুল মঈন খানের সঙ্গে একান্ত সাক্ষাৎ করেছেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সল।

সাক্ষাৎকালে সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিভিন্ন গ্রামীণ এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগের বিষয়গুলো মন্ত্রীর কাছে তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ক্ষতিগ্রস্ত গ্রামীণ সড়ক, গুরুত্বপূর্ণ যোগাযোগপথ, সেতু ও কালভার্ট নির্মাণ এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের প্রয়োজনীয়তার কথা তিনি তুলে ধরেন।
এ সময় এমপি সৈয়দ মো. ফয়সল বলেন, মাধবপুর ও চুনারুঘাটের প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনযাত্রার সঙ্গে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা ওতপ্রোতভাবে জড়িত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অনেক সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি কৃষক, শিক্ষার্থী, ব্যবসায়ী ও রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বর্ষা মৌসুমে এসব দুর্ভোগ আরও বেড়ে যায়। তাই গুরুত্বপূর্ণ সড়কগুলো দ্রুত সংস্কার ও উন্নয়ন করা প্রয়োজন।
তিনি আরও বলেন, মাধবপুর-চুনারুঘাটের গ্রামীণ অর্থনীতি অনেকটাই কৃষিনির্ভর। যোগাযোগ ব্যবস্থা ভালো না হলে কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের চলাচলেও প্রতিবন্ধকতা সৃষ্টি হয়।
এ কারণে এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে গুরুত্বপূর্ণ সড়ক, সেতু ও কালভার্ট নির্মাণ এবং সংস্কারকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।
সাক্ষাৎকালে সংসদ সদস্য তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের প্রয়োজনীয়তা তুলে ধরে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।এ সময় মন্ত্রী ড. আব্দুল মঈন খান এমপির বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং মাধবপুর ও চুনারুঘাটের গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আশ্বাস দেন বলে জানা গেছে।
এ সাক্ষাতের মধ্য দিয়ে মাধবপুর-চুনারুঘাটের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যার সমাধান ও অবকাঠামোগত উন্নয়নে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
