সোহানুর রহমান সোহান নিজেস্ব প্রতিবেদক:

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদ সরকার (২৮) নামে এক ছাত্রদল নেতার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ছয়সূতী ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড়-মাটিকাটা গ্রামের নিজ বাড়িতে আইপিএসের সমস্যা সমাধানের চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদ সরকার ওই গ্রামের মো. রতন মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, সন্ধ্যায় নিজ বাড়িতে আইপিএসের বৈদ্যুতিক ত্রুটি মেরামতের চেষ্টা করছিলেন শহিদ সরকার। এ সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
পরে তার বড় ভাই জুবায়ের আহমেদ তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরিবারের লোকজন দ্রুত তাকে স্থানীয় জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শহিদ সরকারের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় নেতাকর্মীরা জানান, শহিদ সরকার রাজপথের একজন তরুণ ও সক্রিয় সংগঠক ছিলেন।
তার অকাল মৃত্যুতে ছাত্রদল একজন উদ্যমী তরুণ নেতাকে হারিয়েছে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কিশোরগঞ্জ জেলা শাখার পক্ষ থেকেও তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
