কুলিয়ারচর পৌরসভার প্রায় ২১ কোটি টাকার বাজেট ঘোষণা, উন্নয়ন খাতে সর্বোচ্চ বরাদ্দ

আহমেদ সিফাত, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

কুলিয়ারচর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ২০ কোটি ৮০ লাখ ৫৯ হাজার ৩০৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।

নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং আধুনিক পৌর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।

গতকাল সোমবার (২৯ জুন) পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত বাজেট সভায় পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াসিন খন্দকার বাজেট উপস্থাপন করেন।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে বাজেট নিয়ে কুলিয়ারচর পৌরসভায় আনুষ্ঠানিক ব্রীফ করেন তিনি।উপস্থাপিত বাজেট অনুযায়ী, রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৩ কোটি ৮৪ লাখ ৭৬ হাজার টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৩০৮ টাকা। মোট বাজেটের বড় অংশই উন্নয়ন কার্যক্রমে ব্যয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পৌর এলাকার অবকাঠামো ও জনসেবার মান আরও উন্নত করা যায়।

সভায় জানানো হয়, চলতি ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে রাজস্ব আয় নির্ধারণ করা হয়েছে ২ কোটি ৯৪ লাখ ৩৫ হাজার ৩৬৮ টাকা এবং রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৮৬ লাখ ৬২ হাজার ৫৫৫ টাকা। অন্যদিকে উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ১৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকা, আর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১৬ কোটি ৯৫ লাখ ৮৩ হাজার ৬০৮ টাকা।নতুন বাজেটে পৌরসভার নিজস্ব আয় বাড়ানোর উদ্যোগের পাশাপাশি সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, সড়কবাতি স্থাপন, নাগরিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

বাজেট সভায় বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলররা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দীন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী এবং ১ ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আবুল আহসান ভূইয়া, পৌর প্রশাসনিক কর্মকর্তা মিনহাজুল ইসলাম এবং পৌর হিসাবরক্ষক বিধান চন্দ্র দাস।

বাজেট উপস্থাপনকালে পৌর প্রশাসক মো. ইয়াসিন খন্দকার বলেন, সুশাসন, স্বচ্ছতা ও বাস্তবভিত্তিক পরিকল্পনার মাধ্যমে প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন করা সম্ভব হলে কুলিয়ারচর পৌরবাসী আরও উন্নত, আধুনিক ও মানসম্মত নাগরিক সেবা ভোগ করতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *