অষ্টগ্রামে ৪০-৫০ মিনিট বিদ্যুৎ, এরপরই ২ ঘণ্টার লোডশেডিং; চরম দুর্ভোগে জনজীবন

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় তীব্র লোডশেডিংয়ে চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। স্থানীয়দের অভিযোগ, মাত্র ৪০ থেকে ৫০ মিনিট বিদ্যুৎ থাকার পরই আবার প্রায় দুই ঘণ্টা বিদ্যুৎ থাকে না। দিন-রাত একইভাবে লোডশেডিং চলতে থাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে।‎‎

স্থানীয় বাসিন্দারা জানান, ঘন ঘন ও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড গরমে শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। রাতের বেলায় দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না, আর অনলাইনভিত্তিক কাজেও দেখা দিচ্ছে নানা সমস্যা।‎‎ব্যবসায়ীরাও লোডশেডিংয়ের কারণে ক্ষতির মুখে পড়ছেন। ফ্রিজে সংরক্ষিত খাদ্যপণ্য নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিদ্যুৎনির্ভর ব্যবসা ও ছোট শিল্পপ্রতিষ্ঠানের কার্যক্রমও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।‎‎

এলাকাবাসীর অভিযোগ, নির্দিষ্ট কোনো সময়সূচি ছাড়াই বারবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাচ্ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রা, শিক্ষা কার্যক্রম এবং ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। দ্রুত পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

‎‎এ বিষয়ে অষ্টগ্রাম বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত বিদ্যুৎ বরাদ্দ না পাওয়ায় চাহিদা অনুযায়ী সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে বাধ্য হয়ে এলাকাভিত্তিক লোডশেডিং করা হচ্ছে। বরাদ্দ বৃদ্ধি পেলে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে বলেও জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।‎‎স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত বিদ্যুতের বরাদ্দ বৃদ্ধি করে অষ্টগ্রামবাসীকে দীর্ঘস্থায়ী লোডশেডিংয়ের দুর্ভোগ থেকে মুক্তি দিতে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *