‎শিশু রামিসা হত্যা ও নারী নির্যাতনের প্রতিবাদে অষ্টগ্রামে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি

শিশু রামিসা হত্যাকাণ্ডসহ দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং হত্যার ঘটনার প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ সময় এসব ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।‎

মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টায় অষ্টগ্রাম উপজেলা পরিষদের ডিসি রোডের সামনে অষ্টগ্রাম উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু রামিসা হত্যার সুষ্ঠু বিচার, নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং সারা দেশে নারী নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

‎বক্তারা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতা উদ্বেগজনক হারে বাড়ছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে শুধু আইন থাকলেই হবে না, তার কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। অপরাধীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে সমাজে এ ধরনের অপরাধ আরও বাড়তে পারে।‎তারা আরও বলেন, নারী ও শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধ চর্চা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে নারী নির্যাতন ও সহিংসতা প্রতিরোধ সম্ভব।‎মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন নাগরিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা নারী নিরাপত্তা, ন্যায়বিচার এবং সহিংসতামুক্ত সমাজ প্রতিষ্ঠার দাবিতে প্রতিবাদী স্লোগান দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *