নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ধান কেটে বাড়ি ফেরার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনায় ইমান (২৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর বেরিবাঁধ সংলগ্ন হাওরে এ ঘটনা ঘটে।নিখোঁজ ইমান উপজেলার নূরপুর গ্রামের নালিতাকান্দি পাড়ার আবুল হোসেনের ছেলে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে নূরপুর গ্রামের চার কৃষক হাওরে ধান কাটা শেষে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। পথে হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে নৌকাটি দুলতে থাকে। এ সময় বজ্রপাতের আতঙ্কে ইমান পানিতে নেমে পড়েন। পরে আর নৌকায় উঠতে পারেননি। একপর্যায়ে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা অপর তিন কৃষক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান নিখোঁজ হন।ঘটনার খবর গ্রামে পৌঁছালে স্থানীয় লোকজন জেলে নৌকা নিয়ে হাওরে ব্যাপক তল্লাশি শুরু করেন। প্রায় চার ঘণ্টাব্যাপী খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান মেলেনি।নিখোঁজের চাচা আবু কায়সার জানান, খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন। ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে।ইমানের বাবা আবুল হোসেন ছেলে নিখোঁজ হওয়ার বিষয়টি নিশ্চিত করে দ্রুত উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান জানান, নৌকাডুবির ঘটনায় একজন নিখোঁজ থাকার খবর তারা পেয়েছেন। আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।এদিকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, অষ্টগ্রামে কোনো ডুবুরি দল নেই। কিশোরগঞ্জ থেকে ডুবুরি আনার চেষ্টা চলছে।
