পুলিশ-সাংবাদিক সমন্বয়ে নিরাপদ অষ্টগ্রাম গড়ার আহ্বান

মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রোকনুজ্জামান-এর সঙ্গে স্থানীয় সাংবাদিকদের এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় ওসির কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।‎‎সভায় নবাগত ওসি মোহাম্মদ রোকনুজ্জামান জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হলে পুলিশ ও সাংবাদিকদের একসাথে কাজ করতে হবে।” তিনি পুলিশের কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করতে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।‎‎তিনি আরও বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। এ ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত সততা ও নিরপেক্ষতা বজায় রাখার আহ্বান জানান তিনি।‎‎মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময় অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি নজরুল ইসলাম সাগর, দৈনিক ইনকিলাব ও দৈনিক জনবাণী প্রতিনিধি নাদিরুজ্জামান আজমল, দৈনিক বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক মানবজমিন প্রতিনিধি অজিত দত্ত, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ঝুটন মিয়া, দৈনিক মানবকণ্ঠ প্রতিনিধি আতাউল গনি এবং দৈনিক দিনকাল প্রতিনিধি আলী রহমানসহ স্থানীয় অন্যান্য গণমাধ্যমকর্মীরা।‎‎সভায় সাংবাদিকরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন এবং তথ্যপ্রাপ্তি সহজীকরণ, পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি ও সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।‎‎বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা, আস্থা ও সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ অষ্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *