অষ্টগ্রামে সড়ক দখল করে ধান মাড়াই, এক সন্ধ্যায় ৩ দুর্ঘটনা,  প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় সড়ক দখল করে ধান মাড়াইয়ের কারণে একের পর এক দুর্ঘটনার ঘটনা ঘটলেও এখনো দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট প্রশাসনকে। এতে জনমনে চরম ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।‎‎জানা যায়, অষ্টগ্রাম জিরো পয়েন্ট থেকে কাস্তুল বাজার পর্যন্ত রোডস অ্যান্ড হাইওয়ের গুরুত্বপূর্ণ সড়কের একপাশ দখল করে স্থানীয়রা প্রকাশ্যে ধান মাড়াই করছেন। এতে সড়কটি অস্বাভাবিকভাবে সরু হয়ে পড়ে যান চলাচল মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে।‎‎স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ১২ এপ্রিল (রবিবার) সন্ধ্যার পর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে এই সড়কে অন্তত ৩টি দুর্ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে বিস্তারিত পরিচয় জানা যায়নি।‎‎ভুক্তভোগীরা জানান, “রাস্তার একপাশ পুরোপুরি ধান দিয়ে ভরা। বিশেষ করে রাতে কিছুই বোঝা যায় না। হঠাৎ সামনে বাধা পেয়ে দুর্ঘটনা ঘটছে। আমরা প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছি।”‎‎এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড চললেও সংশ্লিষ্ট প্রশাসন কার্যত নির্বিকার ভূমিকা পালন করছে। বারবার অভিযোগ জানানো হলেও বাস্তবে কোনো তদারকি বা অভিযান চোখে পড়েনি।‎‎সচেতন মহল বলছে, সড়ক কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনসাধারণের চলাচলের জন্য। সেখানে এভাবে দখল করে কৃষিকাজ চালানো শুধু বেআইনি নয়, বরং সরাসরি মানুষের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে।‎‎এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি সোহেব খান জানান, “বিষয়টি আমাদের নজরে এসেছে। সড়কে ধান মাড়াই করে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ অবৈধ। আমরা খুব দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো এবং সড়ক দখলমুক্ত করা হবে।”‎‎তিনি আরও বলেন, “জননিরাপত্তার স্বার্থে এ ধরনের কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”‎‎তবে এলাকাবাসীর প্রশ্ন, দুর্ঘটনার পরেই কেন প্রশাসনের ‘নজরে আসে’ বিষয়টি? আগেভাগে ব্যবস্থা নিলে কি এ দুর্ঘটনাগুলো এড়ানো যেত না?‎‎এ অবস্থায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে সড়কটি দখলমুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *