নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের সরকার বাড়ির বাসিন্দা, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাবেক ডেপুটি কমান্ডার মমিনউল্লা সরকার (৭৬) আর নেই।গতকাল তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শ্বাসকষ্টজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মরহুমের মরদেহ অষ্টগ্রামে পৌঁছালে বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানা অফিসার ইনচার্জসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এরপর দেওঘর ঈদগাহ মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।বীর মুক্তিযোদ্ধা মমিনউল্লা সরকার দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি ২০১৪ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত অষ্টগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদের ডেপুটি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ১৯৮২ সাল থেকে তিনবার উপজেলা সহকারী কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন এবং দেওঘর মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডার হিসেবেও দায়িত্বে ছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ৫ কন্যা, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যুতে অষ্টগ্রামসহ আশপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সর্বস্তরের মানুষ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
