জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক আবেগঘন পরিবেশে প্রয়াত ডা: মুছলেহ উদ্দিন আহমেদ মুছা সাহেবের স্মরণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নীরবে মানুষের কল্যাণে জীবন উৎসর্গ করা এই মহৎ মানুষটির স্মৃতিকে হৃদয়ে ধারণ করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এই অনুষ্ঠানটি পরিণত হয় এক মানবিক ও হৃদয়স্পর্শী মিলনমেলায়।শনিবার (১৪ মার্চ) বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত অনুষ্ঠিত এই দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য রাখেন চানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ূম গঙ্গা, আচমিতা জজ ইন্সটিটিউটর প্রধান শিক্ষক নজরুল ইসলাম ভূঞা, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল করিম, বনগ্রাম ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ডা: আব্দুর রহমান রফিক, লোহাজুড়ি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ফজলুল হক মোল্লা, কটিয়াদী পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শামস উদ্দিন, জালালপুর ইউনিয়ন পরিষদ সদস্য ইব্রাহিম ফকির, খোকন প্রমুখসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ অনুষ্ঠানে প্রবীণ ও নবীন প্রজন্মের অসংখ্য মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনার পাশাপাশি ডা. মুছলেহ উদ্দিন আহমেদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ার সময় উপস্থিত অনেকের চোখেই ছিল ভালোবাসা ও শ্রদ্ধার অশ্রু।এডভোকেট সেলিম উদ্দিন ব্যক্তিগত উদ্যোগে কটিয়াদী পূর্ব পাড়াস্থিত নিজ বাসভবনে এই স্বরণ সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন। এ আয়োজনকে ঘিরে এলাকাবাসীর মধ্যে ছিল গভীর আগ্রহ ও আবেগময় সাড়া। যেন সবাই একত্র হয়েছেন এমন একজন মানুষকে স্মরণ করতে, যিনি নিঃশব্দে মানুষের পাশে দাঁড়িয়ে গেছেন সারাটি জীবন।এডভোকেট সেলিম উদ্দিন বলেন, “যাঁরা নিরবে-নিভৃতে দেশ, সমাজ ও মানুষের কল্যাণে অবদান রেখে গেছেন, তাঁদের স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দপুর গ্রামের এমনই এক নীরব দাতা ও প্রভাবশালী ব্যক্ত্বি ছিলেন ডা: মুছলেহ উদ্দিন আহমেদ। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্যই আমাদের এই ছোট্ট আয়োজন।”অনুষ্ঠানটি শুধু একটি ইফতার মাহফিল ছিল না—এটি ছিল একজন মানবিক, দানশীল, সমাজসেবী ও একজন ভালো মনের মানুষের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতার এক আবেগময় স্মরণ। উপস্থিত সবার হৃদয়ে যেন নতুন করে জেগে ওঠে তাঁর আদর্শ ও মানবতার শিক্ষা।
