নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ২নং কাস্তুল ইউনিয়নে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে মশক নিধন অভিযান কর্মসূচি পালন করা হয়েছে।“নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখুন, ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ করুন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১৪ মার্চ) কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ও বউ বাজার এলাকায় এ কর্মসূচি পরিচালনা করা হয়।কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে মশা নিধনের জন্য ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হয় এবং সাধারণ মানুষকে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহ্বান জানানো হয়। একই সঙ্গে বাড়ির আশপাশে কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার পরামর্শ দেওয়া হয়।এ সময় উপস্থিত ছিলেন কাস্তুল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ এনায়েতুল্লা, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাদিরুজ্জামান, কাস্তুল ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোঃ ফারুক, সংরক্ষিত আসনের মহিলা সদস্য হালিমা আক্তার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন মেজু প্রমুখ।বক্তারা বলেন, ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ থেকে বাঁচতে হলে সবার আগে নিজের ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। পাশাপাশি জমে থাকা পানিতে মশার বংশবিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
