নাদিরুজ্জামান আজমল

“গাইবো মোরা গণতন্ত্রের গান, দুঃশাসনের হবেই অবসান” এই প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে অষ্টগ্রাম উপজেলা সদরে কেক কাটা, আলোচনা সভা ও র্যালির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে কেক কাটা হয়। পরে একটি র্যালি উপজেলা সদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস এম নিজামুল হক নজরুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জুবায়ের হাসান ইয়ামিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, মৎস্য দলের সাধারণ সম্পাদক আমজাদ আহমেদ তান্না এবং অষ্টগ্রাম সদর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আলমাছ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস অষ্টগ্রাম উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুক্তার হোসেন।
বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, জাসাস দেশের গণতান্ত্রিক আন্দোলন, মুক্ত সাংস্কৃতিক চর্চা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। দুঃশাসনের বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম অব্যাহত থাকবে বলে তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনের কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
