অনলাইন ডেস্ক

রাজধানীর ওয়ারী এলাকায় এক নারীকে যৌন হয়রানির অভিযোগে করা মামলায় মোবারক হোসেন মোহন নামে ঢাকা আইনজীবী সমিতির এক আইনজীবীকে তিন বছরের কারাদণ্ডের রায় দিয়েছে ট্রাইব্যুনাল।গতকাল বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুনতাসির আহমেদ এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও এক মাস বিনাশ্রম কারাভোগ করতে হবে।রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহিনা আক্তার সাজার তথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার আগে মোবারক হোসেন মোহন আদালতে হাজিরা দেন। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।মামলার অভিযোগে বলা হয়েছে, মোবারক হোসেন মোহন ভূক্তভোগীর চাচাতো ননদের জামাই। ওয়ারীর ভজহরি সাহা ষ্ট্রীট এলাকায় একই বাসার বিভিন্ন রুমে বসবাস করেন তারা। মোবারক হোসেন বিভিন্ন সময় ওই নারীকে খারাপ প্রস্তাবসহ বিভিন্ন অঙ্গভঙ্গি দেয়। তিনি বিষয়টি তার স্বামীকে জানান। তবে লোকলজ্জার ভয়ে তার স্বামী বিষয়টি কারো কাছে প্রকাশ করেনি।২০১৭ সালের ২০ অগাস্ট রাত পৌনে ৯ টার দিকে বাসার রান্না ঘরের পাশে পেছন থেকে জাপটে ধরে ওই নারীকে যৌন হয়রানি করেন মোবারক। এ ঘটনায় ওই নারী ওইদিনই ওয়ারী থানায় মামলা করেন। একই বছরের ৩০ সেপ্টেম্বর মামলার তদন্ত শেষেওয়ারী থানার উপপরিদর্শক হারুন অর রশীদ আসামিকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। ২০১৯ সালের ১ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ট্রাইব্যুনাল ১৬ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করে।
