বিএসটিআই’র অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগের উদ্যোগে রাজশাহী মহানগরীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ‘খাবার পানি’ ও ‘জন্মদিনের কেক’ উৎপাদনকারী দুটি প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী মহানগরীর বিসিক শিল্প নগরী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে বিএসটিআই’র গুণগত মানসনদ নবায়ন না করে ‘প্যাকেজড ড্রিংকিং ওয়াটার (খাবার পানি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ এবং পণ্যের লেবেলে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করার অভিযোগে রোজ পিওর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিএসটিআই’র গুণগত মানসনদ গ্রহণ না করে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ‘ডেকোরেটেড কেক (জন্মদিনের কেক)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করায় শোয়াইব সিফাত বেকারী প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহরিয়ার ইসলাম নাসিফের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রাজশাহীর সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ।

অভিযানকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।বিএসটিআই কর্তৃপক্ষ জানায়, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং গুণগত মানসম্পন্ন খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *