এম এ কাদের, বিশেষ প্রতিনিধি :

হবিগঞ্জের মাধবপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত সাত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। একই সঙ্গে চা বাগানের জনগোষ্ঠীর ৩৯ জনের মাঝে বাইসাইকেল বিতরণ এবং বিশেষ এলাকার উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় নির্মিত ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, মাধবপুরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সাল। সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান।অনুষ্ঠানে পাহাড়ি ঢল ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৭টি পরিবারের মাঝে মোট ১৪ বান ঢেউটিন বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে ৬ হাজার টাকা করে নগদ সহায়তা দেওয়া হয়।
এছাড়া ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে প্রতি মাসে ১৫ কেজি করে চাল, তিন মাসে মোট ৪৫ কেজি চাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম ফয়সাল বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার আন্তরিকভাবে কাজ করছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সরকারি সহায়তা অব্যাহত থাকবে।
”তিনি বলেন, মাধবপুরের চা বাগান এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নানা সুযোগ-সুবিধা থেকে পিছিয়ে রয়েছে। তাদের শিক্ষা, আবাসন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। চা বাগানের শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে বাইসাইকেল বিতরণ, দরিদ্র পরিবারের জন্য ঘর নির্মাণ, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তির মতো সহায়তা তাদের এগিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এস এম ফয়সাল আরও বলেন, “শুধু সরকারি সহায়তা প্রদান করলেই হবে না, এসব সহায়তা যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে—সেদিকেও সংশ্লিষ্টদের নজর রাখতে হবে। সমাজের পিছিয়ে পড়া মানুষকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসাই আমাদের লক্ষ্য।”এদিকে, ২০২৫-২৬ অর্থবছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)’ কর্মসূচির আওতায় মাধবপুর উপজেলার পাঁচটি চা বাগান—নোয়াপাড়া, বৈকুণ্ঠপুর, জগদীশপুর, তেলিয়াপাড়া ও সুরমা চা বাগানের জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে।বরাদ্দের তথ্য অনুযায়ী, পাঁচটি চা বাগানের জন্য মোট ৮টি ঘর, ৩৯টি বাইসাইকেল ও ২৬টি সেলাই মেশিন এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে যথাক্রমে ১২৯টি, ৭৭টি ও ৫২টি শিক্ষাবৃত্তি রয়েছে।অনুষ্ঠানে চা বাগানের জনগোষ্ঠীর ৩৯ জনের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। পাশাপাশি সুরমা চা বাগানের অঞ্জু মুড়া নামে এক উপকারভোগীর জন্য নির্মিত ঘরের উদ্বোধন ও চাবি হস্তান্তর করেন সংসদ সদস্য এস এম ফয়সাল।অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার রয়েছে। পাশাপাশি চা বাগান এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা, আবাসন ও জীবনমান উন্নয়নে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেলে রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর মোহাম্মদ মামুন, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুবদলের সাধারণ সম্পাদক মো. কবির আহমেদ চৌধুরী, শাজাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. পারভেজ চৌধুরী, নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আতাউল মোস্তাফা সুহেল প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও সাংবাদিক আলাউদ্দিন আল রনি। এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
