আল-মামুন খান, তাড়াইল উপজেলা প্রতিনিধি:

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দিগদাইড় ইউনিয়নের বরুহা গ্রামে মিনি ফুটবল খেলার আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে বরুহা গ্রামের খেলার মাঠে এ আয়োজন করা হয়। যুব সমাজকে খেলাধুলামুখী করতে এ উদ্যোগ গ্রহণ করেছে যুব জাগো ফাউন্ডেশন।খেলার মাঠের নিরাপত্তা নিশ্চিত করতে পুরো মাঠে জাল স্থাপন করে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দিগদাইড় ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলেখ উদ্দিন ভূঁইয়া।
মাঠে জাল স্থাপনের পর তিনি স্থানীয় তরুণ ও যুবকদের সঙ্গে মতবিনিময় করেন।এ সময় যুব জাগো ফাউন্ডেশনের সভাপতি আসাদুজ্জামান বাবলুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় তরুণ ও যুব সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে স্থানীয় যুবকরা বলেন, খেলাধুলার জন্য সুন্দর ও নিরাপদ পরিবেশ তৈরি হলে তরুণ প্রজন্মের মধ্যে ইতিবাচক মানসিকতা গড়ে উঠবে। পাশাপাশি মাদকসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।খেলায় অংশ নেওয়া খেলোয়াড়রা মাঠে জাল স্থাপনসহ এমন উদ্যোগ গ্রহণের জন্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলেখ উদ্দিন ভূঁইয়া এবং যুব জাগো ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
এলাকাবাসী মনে করছেন, নিয়মিত খেলাধুলার আয়োজন ও মাঠের পরিবেশ উন্নত করার মাধ্যমে বরুহা গ্রামের তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ আরও বাড়বে। একই সঙ্গে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত যুব সমাজ গঠনে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
