মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মোঃ সাদ্দাম হোসেন ওরফে শাওন (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে অষ্টগ্রাম সদর ইউনিয়নের টেকেরভিটা সাকিন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অষ্টগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল টেকেরভিটা এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় নজরুল সরকারের বাড়ির দক্ষিণে ইকুরদিয়া থেকে অষ্টগ্রাম বাজারগামী পাকা সড়কের ওপর থেকে সাদ্দাম হোসেন ওরফে শাওনকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাদ্দাম হোসেন গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার উজান বাজার (মোল্লাবাড়ী সংলগ্ন) এলাকার মৃত মাসুদের ছেলে। তিনি বর্তমানে ঢাকার মুগদা থানাধীন দক্ষিণ মান্ডা এলাকার হিরো মিয়ার গলিতে সোমা আপার ভাড়া বাসায় বসবাস করতেন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় অষ্টগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১১, তারিখ ১৪ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১০৮।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রুকনুজ্জামান জানান, গ্রেপ্তার আসামিকে ১৫ আগস্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
