মোঃ নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীরপাড় এলাকায় একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে গ্রামের বাড়িতে এসে শোক সইতে না পেরে বড় বোনেরও মৃত্যু হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন পরিবারের আরেক বড় ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলার আলম দিঘীরপাড় এলাকার বাসিন্দা মো. হাবিল মিয়া (৫৩) অষ্টগ্রাম বড় বাজারে যাওয়ার পর হঠাৎ অসুস্থ হয়ে রাস্তায় পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।
হাবিল মিয়ার মৃত্যুর খবর পেয়ে ঢাকায় অবস্থানরত তার বড় বোন মোছা. বকুলা বেগম (৫৫) গ্রামের বাড়িতে ছুটে আসেন।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, ভাইয়ের মৃত্যুতে তিনি গভীরভাবে ভেঙে পড়েন এবং অসুস্থ হয়ে পড়েন। বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় হাবিল মিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে বিকেল প্রায় ৫টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
এদিকে একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যুতে তাদের বড় ভাই তারা মিয়া (৬২) শোকে অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
একই পরিবারের পরপর দুই সদস্যের মৃত্যু এবং আরেক সদস্যের অসুস্থ হয়ে পড়ার ঘটনায় উপজেলার সদর ইউনিয়নের আলম দিঘীরপাড় এলাকায় গভীর শোকের পরিবেশ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। পাশাপাশি মহান আল্লাহর কাছে মরহুমদের রুহের মাগফিরাত এবং পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি কামনা করেছেন।
