আর্জেন্টিনার জার্সি গায়ে অষ্টগ্রামে ২ কেজি গাঁজাসহ আটক যুবক‎

নিজস্ব প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রামে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ আর্জেন্টিনার সমর্থক এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শনিবার সকালে উপজেলার দেওঘর ইউনিয়নে পরিচালিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।‎‎

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৩ জুন ২০২৬) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার দেওঘর ইউনিয়নের পাওন সদয়নগর জামে মসজিদের সামনে পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মোঃ আল আমিন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।‎‎

আটক আল আমিন কিশোরগঞ্জ সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নের দনাইল গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তার মায়ের নাম আছিয়া খাতুন। তিনি বর্তমানে অষ্টগ্রাম উপজেলার মধুরহাটি এলাকার খান ঠাকুর দিঘীরপাড়ে নাজির খাঁর বাড়িতে বসবাস করছিলেন।‎‎

পুলিশ জানায়, আটক ব্যক্তির হেফাজতে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্যসহ তাকে থানায় নিয়ে আসা হয়। অভিযানের সময় তার পরনে ছিল আর্জেন্টিনা ফুটবল দলের জার্সি, যা স্থানীয়দের মধ্যে আলোচনার জন্ম দেয়।‎‎

অষ্টগ্রাম থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-১১ এবং তারিখ ১৩ জুন ২০২৬। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আটক আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

‎‎অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুকনুজ্জামান বলেন, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।‎‎

স্থানীয় সচেতন মহল মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযানের প্রশংসা করে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *