বোরখা পরে অভিযানে অষ্টগ্রাম থানা পুলিশ, ১৬৭ পিছ ইয়াবা সহ স্বামী-স্ত্রী আটক

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে ছদ্মবেশে অভিযান চালিয়ে ১৬৭ পিস ইয়াবাসহ চিহ্নিত দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে অষ্টগ্রাম থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন স্বামী-স্ত্রী মোঃ রাহিম ভূইয়া (৪০) ও রিমা বেগম টুক্কি (৩৬)। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।‎‎

পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জুন ২০২৬ খ্রিস্টাব্দ রাত প্রায় ১০টার দিকে অষ্টগ্রাম থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ কৌশলে অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে কয়েকজন পুলিশ সদস্য বোরখা পরে এবং অটোরিকশার চালক সেজে গোপনে এলাকায় অবস্থান নেন। দীর্ঘ সময় নজরদারির পর উপজেলার পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি এলাকার ইকুরদিয়া ডিসি রোড সংলগ্ন রাহিম ভূইয়ার নিজ বাড়িতে অভিযান চালানো হয়।‎‎

এ সময় বাড়ি থেকে মোঃ রাহিম ভূইয়া ও তার স্ত্রী রিমা বেগম টুক্কিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি ও হেফাজতে থাকা মালামাল তল্লাশি করে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।‎‎

গ্রেফতারকৃত রাহিম ভূইয়া পূর্ব অষ্টগ্রাম শেখেরহাটি এলাকার বাসিন্দা। তার পিতা মোঃ মিলু ভূইয়া ও মাতা মেহের আক্তার। অপরদিকে রিমা বেগম টুক্কির পিতা রঙ্গু মিয়া ও মাতা সিরু বেগম। দীর্ঘদিন ধরে তারা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।‎‎

এ বিষয়ে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুকনুজ্জামান বলেন, “মাদক কারবারিদের বিরুদ্ধে অষ্টগ্রাম থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ কৌশলে পরিচালিত এ অভিযানে ১৬৭ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি কার্যকর রয়েছে। অষ্টগ্রামকে মাদকমুক্ত রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

”‎‎পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।‎‎মাদক নির্মূলে পুলিশের এমন সাহসী ও ব্যতিক্রমী অভিযানে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা দেখা গেছে। অনেকেই মনে করছেন, ছদ্মবেশে পরিচালিত এ ধরনের অভিযান মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *