এটিভি অনলাইনে সংবাদ প্রকাশের পর অষ্টগ্রামে আদালতের ১৪৪ ধারা ভেঙে জমি দখল উচ্ছেদ‎

নাদিরুজ্জামান আজমল

কিশোরগঞ্জের অষ্টগ্রামে আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের ঘটনা ঘটেছে। তবে এটিভি অনলাইনে সকাল ১১টায় সংবাদ প্রকাশের পর রাত ১১টায় প্রশাসনের দ্রুত অভিযানে দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।‎ঘটনাটি ঘটে ৪ এপ্রিল (শনিবার) ভোর রাতে, উপজেলার কাস্তুল ইউনিয়নের দাসপাড়া এলাকায়। ভুক্তভোগী সুধীর দাস (৫০) অভিযোগ করেন, একই এলাকার মিজানুর রহমান (৪৩), দুলাল (৫৫) ও কাউসার (৩৫) পরিকল্পিতভাবে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে তার জমিতে টিনসেড দিয়ে বাউন্ডারি নির্মাণ করে দখল করে নেয়।‎সুধীর দাস জানান, ২০০৩ সালে ১৫৫৯ নং এওয়াজ বদল দলিলের মাধ্যমে কাস্তুল মৌজার এস.এ ২৯০ খতিয়ানের জমি বৈধভাবে ক্রয় করেছেন এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে আছেন। অন্যদিকে অভিযুক্তরাও একই জমিদার পরিবারের অন্য অংশ থেকে কিছু জমি ক্রয় করেছেন, কিন্তু তারা সংখ্যালঘু পরিবারের জমির একাংশ নিজেদের দাবি করে দখলের চেষ্টা চালাচ্ছেন।‎বিরোধের জেরে সুধীর দাস আদালতে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে আদালত গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে উক্ত জমির ওপর ১৪৪ ধারা জারি করে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।‎কিন্তু আদালতের আদেশ উপেক্ষা করে অভিযুক্তরা ভোর রাতে জমি ঘিরে দখল করেন। সকালে জমি দখল হয়ে গেছে দেখে পরিবার হতবাক হয়। পরে তারা অষ্টগ্রাম থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।‎অভিযুক্ত কাউসার অভিযোগ আংশিক স্বীকার করে বলেন,‎“আদালতের নিষেধাজ্ঞা আছে, তবে আমরা আমাদের প্রয়োজনেই আমাদের জায়গায় বাউন্ডারি দিয়েছি।”‎অষ্টগ্রাম থানার এসআই সাইফুল ইসলাম জানান,‎“খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এটি ১৪৪/১৪৫ ধারা অমান্যের ঘটনা বলে প্রতীয়মান হচ্ছে।‎ এটিভি অনলাইনে সকাল ১১টায় সংবাদ প্রকাশের পর রাত ১১টায় জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (অষ্টগ্রাম সার্কেল) মোঃ শহিদুল হকের নেতৃত্বে অষ্টগ্রাম থানা পুলিশ অভিযান পরিচালনা করে দখলকৃত জমি থেকে টিনসেড সরিয়ে জমি উচ্ছেদ করেন।‎ স্থানীয়রা আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাতের আঁধারে জমি দখলকে আইনের প্রতি অবজ্ঞা হিসেবে দেখেছেন। তবে সংবাদ প্রকাশের পর প্রশাসনের দ্রুত পদক্ষেপে স্বস্তি ফিরে এসেছে।‎ এ ঘটনায় দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *