নিজস্ব প্রতিনিধি

ঐতিহাসিক বদর দিবস উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায় রোযাদারদের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মানবিক সংগঠন মধ্য অষ্টগ্রাম দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘ।
শনিবার (৭ মার্চ ২০২৬ খ্রি.) পবিত্র ১৭ রমজান উপলক্ষে মধ্য অষ্টগ্রাম দালানহাটি জামে মসজিদে সংগঠনটির উদ্যোগে ১৩তম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবারও বিপুলসংখ্যক রোযাদার মুসল্লির মাঝে ইফতার পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধ্য অষ্টগ্রাম দালানহাটি হিলফুল ফুযুল যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা ক্বারী মুহাম্মদ নিজাম উদ্দিন আশরাফী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আব্দুল হাফিজ (গফুর) আশরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা সৈয়দ শাহজাদা মিয়া আশরাফী। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা মুহাম্মদ আলী শাহ, মাওলানা ডালিম হোসাইন আশরাফী, মাওলানা ক্বারী ইয়াছিন মোনাওয়ার, মাওলানা মনিরুজ্জামান, মাওলানা সালাম ও মাওলানা নাঈম।
সংগঠনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশরাফ আহমেদ, অন্তর, রাজেল মিয়া, রবিন আহমেদ রুমন, নিরব মিয়াসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামের ইতিহাসে বদর যুদ্ধ একটি গৌরবময় ও গুরুত্বপূর্ণ অধ্যায়। মদিনার মুসলমানদের সঙ্গে মক্কার মুশরিকদের মধ্যে সংঘটিত এ যুদ্ধ ছিল ইসলামের প্রথম বড় যুদ্ধ। ঐতিহাসিক বদর প্রান্তরে ঈমানের শক্তিতে স্বল্পসংখ্যক মুসলিম বাহিনী বিপুলসংখ্যক কাফির সৈন্যবাহিনীকে পরাজিত করে ইসলামের পতাকা সমুন্নত রাখে।
বক্তারা আরও বলেন, ঐতিহাসিক বদর দিবসকে ইয়াওমুল ফোরকান বা হক ও বাতিলের পার্থক্য করার দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। এই যুদ্ধে মহান আল্লাহ তায়ালা ফেরেশতাদের মাধ্যমে মুসলমানদের বিশেষ সাহায্য করেন এবং মুসলমানদের বিজয় দান করেন।
তারা বলেন, বদর যুদ্ধের অন্যতম শিক্ষা হলো—হক কখনো বাতিলের সঙ্গে একত্রিত হতে পারে না।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। দোয়ায় বদরের চেতনায় মুসলিম উম্মাহকে আবারও ঐক্যবদ্ধ ও বিজয়ী হওয়ার তৌফিক দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।
