শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক

জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার কাজের জন্য আগামীকাল শনিবার (৩১ অক্টোবর) দেশের কয়েকটি এলাকায় দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে নাটোরের বড়াইগ্রামে সর্বোচ্চ ১১ ঘণ্টা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৯ ঘণ্টা এবং সিলেট নগরীর কয়েকটি এলাকায় ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

শুক্রবার (৩০ অক্টোবর) সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সদর দপ্তর জানিয়েছে, গাছের ডালপালা কর্তন ও বিদ্যুৎ লাইনের রক্ষণাবেক্ষণকাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬, ৭ ও ৮ নম্বর ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত টানা ১১ ঘণ্টা এ কার্যক্রম চলবে।

এ সময় কালিকাপুর, ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, কায়েমকোলা, খৌদ্দকাচুটিয়া, কুমরুল, বৃকাচুটিয়া, ভবানীপুর, রামাগাড়ি, কামারদহ, আটঘরিয়া, সুইচগেট, হাট গোবিন্দপুর ও শেখপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে রক্ষণাবেক্ষণকাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়ের কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডালপালা কাটার জন্য সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন গ্রাহকদের বিদ্যুৎবিহীন থাকতে হবে। কাজ শেষ হলে নির্ধারিত সময়ের আগেই সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।

এ ছাড়া সিলেট নগরীর আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ, মেরামত ও গাছের ডালপালা কর্তনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সময় ১১ কেভি আইজিডি ওভারহেড ফিডারের আওতাধীন আম্বরখানা মসজিদ, দত্তপাড়া, আম্বরখানা সরকারি কলোনি, মজুমদারী, কমলাবাগান, প্রভাতী, পূর্ব পীরমহল্লা, হাউজিং এস্টেটের সম্পূর্ণ এলাকা, ফরিদাবাদ আবাসিক এলাকা ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজের কারণে সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলো। একই সঙ্গে নির্ধারিত সময়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *