জামায়াত আমিরের গাড়ি থেকে অস্ত্রসহ ৩ জন আটক

নিজস্ব প্রতিনিধি

মেহেরপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ব্যবহৃত একটি গাড়ি থেকে ধারালো চাইনিজ কুড়ালসহ বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।
‎আটক ব্যক্তিরা হলেন—বাংলা এডিশনের মেহেরপুর জেলা প্রতিনিধি ও জামায়াত কর্মী সেলিম রেজা (২৭), জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তাজ উদ্দিন খানের ফেসবুক পেজের এডমিন শাহারুল ইসলাম এবং মাইক্রোবাস চালক ইজারুল হক।
‎সোমবার (২৬ জানুয়ারি) সকালে শহরের হোটেল বাজার চার রাস্তার মোড়ে যৌথ বাহিনীর চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করা হয়।
‎মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বিএম রানা জানান, যৌথ বাহিনীর নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে সব ধরনের যানবাহন তল্লাশি করা হচ্ছিল। এ সময় একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস (ঢাকা মেট্রো-চ ১৯-৪১৪৬) তল্লাশি করলে গাড়ির ভেতর থেকে তিনটি ফোল্ডেবল স্টিক, একটি বিদেশি ধারালো কুড়াল, একটি ইলেকট্রিক শকার, একটি প্লাস, তিনটি ওয়াকিটকি, চারটি চার্জার ও একটি হ্যান্ড মাইক উদ্ধার করা হয়।
‎তিনি আরও জানান, পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার করা অস্ত্রশস্ত্র এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *